পবিত্র মাহে রমাদানের পবিত্রতা বজায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলমানদের মাঝে সমাগত রমজান। তিনি বলেন, রমজানের শেষ দশকে পবিত্র লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাস তাকওয়া অর্জন, সহনশীলতা চর্চা ও মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস।

ডা. শফিকুর রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এর মাধ্যমে জাতি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। তিনি বলেন, দীর্ঘদিনের জুলুম-নির্যাতনের অবসানের পর জনগণ মৌলিক মানবাধিকারসহ ন্যায়সংগত অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা করছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এসব চক্রান্ত মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শান্তি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ন্যায়সংগত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
রমজান উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নতুন সরকারের প্রতি বিশেষ নজর দেয়ার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা যেন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর দাম বাড়াতে না পারে, সে জন্য সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং বাজারে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যাতে স্বস্তির সঙ্গে রোজা পালন করতে পারে, সে জন্য প্রয়োজনে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা ও মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি দেয়ার উদ্যোগ নেয়া প্রয়োজন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এছাড়া দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে পবিত্র কুরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনের লক্ষ্যে রমজানকে আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


