রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শিহাব শাহরিয়ার।

শুক্রবার (৫ জুন) দুপুর ১টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের পানবাড়ি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব শাহরিয়ার নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা সূত্রাপুর এলাকার মুকুট মিয়া ও শাহনাজ বেগম দম্পতির সন্তান। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে শিহাব তার তিন বন্ধুর সঙ্গে ঘাঘট নদীতে গোসলে নামেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিহাব নিখোঁজ হয়ে পড়েন।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ফারুক জানান, নদী থেকে উদ্ধারের সময় শিহাবের হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



