২০২৫ সালে স্পেনে প্রায় ৩ লাখ বিদেশিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা জানায়, এই সময়ের মধ্যে মোট ২ লাখ ৯৯ হাজার ৭৩২ জন বিদেশি স্প্যানিশ নাগরিকত্ব লাভ করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএনই)–এর তথ্য অনুযায়ী, নতুন নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মরক্কোর নাগরিকরা। এরপরই রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং হন্ডুরাসের নাগরিকদের অবস্থান।
ইউরোপের অন্যান্য অনেক দেশের তুলনায় স্পেন অভিবাসীদের প্রতি তুলনামূলকভাবে উদার নীতি অনুসরণ করছে। দেশটির সরকার বলছে, বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমিক সংকট মোকাবিলায় অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
স্পেনের আইনে লাতিন আমেরিকার কয়েকটি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া তুলনামূলক সহজ। সাবেক স্প্যানিশ উপনিবেশ হওয়ায় এসব দেশের নাগরিকরা বৈধভাবে মাত্র দুই বছর বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। অন্য বিদেশিদের ক্ষেত্রে সাধারণত ১০ বছর বৈধভাবে বসবাসের শর্ত রয়েছে।
চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ বসবাস ও কাজের অনুমতি দেওয়ার পরিকল্পনাও ঘোষণা করে।
বর্তমানে স্পেনের মোট জনসংখ্যা প্রায় ৫ কোটি, যার মধ্যে প্রায় ৭৩ লাখ বিদেশি বাসিন্দা রয়েছে বলে জানিয়েছে আইএনই।
সূত্র: দ্য লোকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



