মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে নাবালিকা মেয়ের বিয়ে রেজিস্ট্রি করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় এবং পরে পুলিশের উপস্থিতিতে তা অস্বীকার করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে। এ ঘটনায় মানিকগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার (কাজী) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা মো. রবিউল খান।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে অভিযোগটি দায়ের করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার বাসিন্দা মো. রবিউল খানের নাবালিকা মেয়ে গত ১৬ জুলাই রাত ১০টার দিকে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি (খালপাড়) এলাকায় অবস্থিত কাজী মো. মনিরুজ্জামানের বাসায় বিয়ে করতে যান।
অভিযোগে বলা হয়, মেয়েটি নাবালিকা হওয়ায় প্রথমে বিয়ে রেজিস্ট্রি করতে অপারগতা প্রকাশ করেন কাজী। পরে অতিরিক্ত অর্থ দিলে তাকে সাবালিকা দেখিয়ে বিয়ে রেজিস্ট্রি করে দেওয়া সম্ভব বলে জানান। এরপর মেয়েটির কাছে থাকা ৭ হাজার টাকা নেওয়ার পর রেজিস্ট্রির কার্যক্রম শুরু করেন তিনি। বিয়ে রেজিস্ট্রির পর নবদম্পতি বাইরে ঘোরাফেরা করলে স্থানীয়দের সন্দেহ হয়। নাবালিকার বয়স নিয়ে প্রশ্ন ওঠায় তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত কাজী পুলিশের কাছে নাবালিকার বিয়ে রেজিস্ট্রির বিষয়টি অস্বীকার করেন এবং কৌশলে ঘটনাস্থল থেকে সরে যান। পরে পুলিশ কিশোরী ও যুবককে থানায় নিয়ে গিয়ে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত কাজী দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থের বিনিময়ে নাবালক-নাবালিকাদের বিয়ে রেজিস্ট্রি করে আসছেন বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।
অভিযোগকারী মো. রবিউল খান বলেন, “কাজীদের এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের কারণেই অনেক পরিবারের সর্বনাশ হচ্ছে। আমার মেয়েরও ক্ষতি হয়েছে। আমি এই কাজীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন নিকাহ রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “এটি মূল বালাম বহিতে রেজিস্ট্রি করা হয়নি। যে কাগজটি দেওয়া হয়েছে, সেটি আসল নয়।”
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



