দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘রকস্টার’-এর অফিসিয়াল টিজার। সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি নিজেই শেয়ার করে তিনি দর্শকদের সামনে এক নতুন ঝড়ের ইঙ্গিত দিয়েছেন।

টিজারের ক্যাপশনে তিনি লিখেছেন, “একটি ঝড় দীর্ঘদিন ধরে পথ খুঁজছিল, এবার তা পর্দা কাঁপাতে আসছে।” এক মিনিট ২০ সেকেন্ডের এই টিজারে শাকিব খানকে সম্পূর্ণ ভিন্ন ও শক্তিশালী এক রূপে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা থেকে শুরু করে তীব্র অ্যাকশন—সবখানেই তার উপস্থিতি ছিল দৃষ্টি আকর্ষণকারী।
টিজার দেখে ধারণা করা যাচ্ছে, সিনেমাটি হবে একটি মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার, যেখানে এক রকস্টারের জীবনসংগ্রাম ও উত্থানের গল্প তুলে ধরা হবে। গান, উত্তেজনা ও বিনোদনের এক নতুন মাত্রা এতে উপভোগ করতে পারবেন দর্শক।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শাকিব ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে ঈদের বিশেষ আকর্ষণ। পরিচালক আজমান রুশো-এর নির্মাণে সিনেমাটিতে শাকিব খানের নতুন লুক ও স্টাইল ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু। চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি এবং সংলাপ রচনা করেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
এ ছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অজয় কুমার কুন্ডু। পোশাক পরিকল্পনায় কাজ করেছেন সাফিয়া সাথী এবং মেকআপ শিল্পী ছিলেন অমিত আম্বেকার। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন আব্দুল মামুন এবং সম্পাদনা করেছেন আনিস মাসুদ।
টিজারের শেষে একটি বার্তায় বলা হয়েছে, “এটি কেবল একটি জ্যামিং সেশন—দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।” এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছে ‘রকস্টার’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


