ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা জোরদারের লক্ষ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে অতিরিক্ত ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এটি দাঁড়িয়েছে প্রায় ২৯১,৪৮৯,২০০ টাকা (প্রতি ইউরো ১৪৫.৭৪৪৬ টাকা হিসাবে)। এই অনুদান ইইউর নাগরিক সুরক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দেওয়া হয়েছে।

ডব্লিউএফপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন অনুদানের মাধ্যমে ২০২৫ সালে বাংলাদেশে ইইউর মোট অবদান বেড়ে দাঁড়াল ১ কোটি ৫৩ লাখ ইউরোতে। এই অর্থ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী খাদ্য এবং পুষ্টি সহায়তা নিশ্চিত করতে ব্যবহার করা হবে।
ইইউর মানবিক সহায়তার প্রধান ডেভিড জাপ্পা বলেন, ২০২৫ সাল বিশ্বব্যাপী মানবিক কার্যক্রমের জন্য চ্যালেঞ্জের বছর। তবুও রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের প্রতি ইইউ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সংকটে থাকা মানুষের প্রতি সংহতি প্রদর্শন ইইউর প্রতিষ্ঠাতা নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
ডব্লিউএফপি বর্তমানে ই-ভাউচার পদ্ধতির মাধ্যমে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিচ্ছে। এর মধ্যে ২০২৪-২০২৫ সালে নতুন আগত প্রায় ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গা অন্তর্ভুক্ত। প্রতিটি পরিবার মাসে ১২ মার্কিন ডলারের সমপরিমাণ অনুদান পান, যা দিয়ে তারা প্রয়োজনীয় ও তাজা খাদ্যসামগ্রী কিনতে সক্ষম হন।
এর পাশাপাশি শিশু, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের অপুষ্টি প্রতিরোধ ও চিকিৎসা, ৪-১৪ বছর বয়সী প্রায় ২ লাখ ৬০ হাজার রোহিঙ্গা শিশুর স্কুল মিল এবং রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য জীবনজীবিকা ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমও ডব্লিউএফপি বাস্তবায়ন করছে।
ডব্লিউএফপি বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সিমোন লসন পার্চমেন্ট বলেন, “ইইউর সময়োপযোগী অনুদান এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের কারণে আমরা ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সহায়তা প্রদান করতে পারি।”
তবে রোহিঙ্গা সংকট নবম বছরে প্রবেশ করলেও তহবিল ঘাটতি এখনও তীব্র। ২০২৬ সালে জীবন রক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা চালিয়ে যেতে ডব্লিউএফপিকে প্রায় ১৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন হবে। নতুন অর্থ সহায়তা না এলে এপ্রিলের শুরু থেকেই এই কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


