অভিনেতা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইশরম জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছেন। গত বছরের নভেম্বর থেকেই ভক্তরা এই তারকা দম্পতির সুখবরের অপেক্ষায় ছিলেন। মঙ্গলবার (১০ মার্চ) তাদের ঘরে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

ব্যক্তিগত জীবন সবসময়ই গোপন রাখেন রণদীপ-লিন, তবে এই বিশেষ মুহূর্তটি তারা ভক্তদের সঙ্গে ভাগ করতে চাইলেন। এদিন রণদীপের বাবারও জন্মদিন ছিল। বাবার জন্মদিনে নাতনির আগমন আনন্দকে আরও দ্বিগুণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাবার কোলে সদ্যোজাত মেয়ের একটি মিষ্টি ছবি পোস্ট করে রণদীপ লিখেছেন, “দাদু ও নাতনি দু’জনকেই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আজ বাবা হওয়ার পর তোমার প্রতি (বাবার) কৃতজ্ঞতা যেন আরও বেড়ে গেল।”
তিনি আরও লিখেছেন, “আর লিন, আমাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য এবং আমাদের ছোট্ট রাজকন্যাকে এই পৃথিবীতে আনার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের সারাজীবনের ভালোবাসা।”
সাধারণত বিটাউনের তারকারা সন্তানের ছবি প্রকাশ্যে আনার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখেন। কিন্তু রণদীপ এখানে ব্যতিক্রম। কোনো লুকোছাপা না করে বাবার সঙ্গে মেয়ের প্রথম মুহূর্তটি শেয়ার করেছেন।
রণদীপ ও লিনের প্রেমের শুরু নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ ‘মোটলি’- থেকে। সেই বন্ধুত্বের সূত্রে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। করোনা মহামারীর সময় থেকে তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন। পরে ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী মেতেই রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


