কম বেতনের ক্ষোভে নিয়োগকর্তাকে শিক্ষা দিতে গিয়ে নিজেই চরম বিপাকে পড়েছেন এক চীনা তরুণী। রাগ মেটাতে তিনি যেমন কর্মক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে কাটিয়েছেন, তেমনি বসের জরুরি চকলেট চুরি করে তাকে রীতিমতো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এমন কাণ্ডের পর ক্ষুব্ধ নিয়োগকর্তা ওই তরুণীকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে কান্নারত ওই তরুণীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তরুণী হেনান প্রদেশের শাংচিউ শহরের একটি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও তার নাম বা পেশার বিস্তারিত পরিচয় জানা যায়নি। ভিডিওতে তিনি নিয়োগকর্তার বিরুদ্ধে দুর্ব্যবহার ও খুবই কম বেতন দেওয়ার অভিযোগ তোলেন। নিজের কাজের যৌক্তিকতা তুলে ধরে তরুণী বলেন, আমি যাব না। যেমন গুড় তেমন মিষ্টি আমি তাকে এটা বুঝিয়েই ছাড়ব।
ঘটনার সূত্রপাত হয় যখন নিয়োগকর্তা খেয়াল করেন, ওই তরুণী কাজের সময় অফিসে চার থেকে পাঁচ ঘণ্টা ঘুমিয়ে কাটান। তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় তরুণীর চকলেট চুরির ঘটনায়। ওই নিয়োগকর্তা গ্লুকোপেনিয়া নামক রোগে ভুগছেন, যার ফলে তার রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ মারাত্মকভাবে কমে যায়। এমন জরুরি মুহূর্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করতে তার চকলেটের প্রয়োজন ছিল। কিন্তু তরুণী সেই চকলেট চুরি করে খাওয়ায় নিয়োগকর্তা প্রায় মরতে বসেছিলেন।
ভিডিওতে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তরুণী বলেন, আমার বস প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি আমাকে বলেন যে আমি তাকে প্রায় মেরে ফেলেছিলাম। তিনি আমাকে সতর্ক করেছেন এবং চাকরিচ্যুত করার হুমকি দিয়েছেন। নিজের পক্ষে সাফাই গেয়ে তিনি আরও বলেন, যারা তার সমালোচনা করছেন, তারা কখনোই কম বেতন পাওয়া মানুষদের কষ্ট বুঝবেন না।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তরুণীর এমন কাণ্ডের কড়া সমালোচনা করেছেন। মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লিখেছেন, কোনো নিয়োগকর্তাই এমন কর্মীকে মেনে নেবে না। অন্যদিকে আরেকজন কিছুটা ব্যঙ্গ করে লিখেছেন, এরপর অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, যেন কাজের সময় ঠিকঠাক উঠতে পারেন।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


