ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণা তুলসী’-তে স্মৃতি ইরানির মেয়ের চরিত্রে অভিনয় করে যাত্রা শুরু করেছিলেন মৌনী রায়। সেখান থেকে বলিউডের ‘ব্রহ্মাস্ত্র’ পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ তিনি বলিপাড়ার পরিচিত মুখ। ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের অবস্থান তৈরি করা তার জন্য সহজ ছিল না।

তবে সাম্প্রতিক সময়ে কাজের চেয়ে ব্যক্তিজীবন ও বৈবাহিক সম্পর্ক নিয়ে বেশি আলোচনায় রয়েছেন মৌনী রায়। এর পাশাপাশি আরেকটি বিতর্কও দীর্ঘদিন ধরে তার পিছু ছাড়ছে না—তা হলো প্লাস্টিক সার্জারি করে চেহারার পরিবর্তন।
ক্যারিয়ারের শুরুতে তার ঠোঁটের গড়ন যেমন ছিল, সময়ের সঙ্গে তাতে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। পরে অনেকের নজরে আসে, তার ঠোঁট আগের তুলনায় বেশি পুরু ও ফোলা হয়ে উঠেছে। শুধু ঠোঁটই নয়, ভ্রুর আকারেও পরিবর্তন লক্ষ্য করা যায়। পরবর্তীতে ‘দ্য ভূতনি’ সিনেমার সময় নেটিজেনরা মন্তব্য করেন, তার হাসির সময় কপালের চামড়ার স্বাভাবিক ভাঁজ কম দেখা যাচ্ছে।
এসব সমালোচনা ও ট্রল অভিনেত্রীর দৃষ্টি এড়ায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চেহারা নিয়ে চলা কটাক্ষ ও বিকৃত ছবি নিয়ে এক সাক্ষাৎকারে তিনি ক্ষোভ ও কষ্টের কথা প্রকাশ করেন।
তিনি বলেন, তিনি দেখেন মানুষ কীভাবে তার চেহারা নিয়ে নানা ধরনের বিকৃতি ঘটাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন ছবি তৈরি করা হচ্ছে, যা দেখে তার নিজেরই অস্বস্তি হয়।
মৌনী আরও জানান, এক সময় এসব কুরুচিপূর্ণ মন্তব্য তাকে মানসিকভাবে ভেঙে দিত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের ঘর বন্ধ করে দিতে বাধ্য হন। তবে সময়ের সঙ্গে তিনি নিজেকে সামলে নিয়েছেন এবং এখন এসব সমালোচনাকে আর গুরুত্ব দেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



