সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত

Advertisement

গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তিরা হলেন—কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, পরিবার সূত্রে জানা গেছে প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে তারা ভারতের হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে অবস্থান করেন এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি তারা পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় ভারতের অভ্যন্তরে অবস্থানরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি জুয়েল হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে দেশে ফেরার সময় এ ঘটনার শিকার হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সাতক্ষীরার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিব বলেন, দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এটি বিএসএফের গুলিতে ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটলেও তা পুরোপুরি বন্ধ হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.