পর্দার বাইরেও দায়িত্ববোধের পরিচয় দিলেন দেব। শুটিং চলাকালে নিহত এক টেকনিশিয়ানের স্ত্রী ও সন্তানের পাশে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি সহায়তার উদ্যোগ নিয়েছেন এই অভিনেতা। ২০২১ সালের ৩০ জুলাই শুটিং চলাকালে দুর্ঘটনায় প্রাণ হারান প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডের সদস্য রাজু মন্ডল। হঠাৎ এই মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তার পরিবার, বিশেষ করে ছোট ছেলে রিশান, যে খুব অল্প বয়সেই বাবাকে হারায়। এবার রাজু মন্ডলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দেব।

দেবের উদ্যোগে ‘সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন’ রাজুর পরিবারের হাতে ২ লাখ ৩০ হাজার টাকা তুলে দিয়েছে। পাশাপাশি ছোট্ট রিশানের ভবিষ্যৎ শিক্ষার দায়িত্বও নিয়েছে সংস্থাটি। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়,রিশানের পড়াশোনার জন্য প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়া তার বই-খাতা এবং স্কুলে ভর্তি বা পুনঃভর্তির যাবতীয় খরচও বহন করা হবে।
বিষয়টি নিয়ে দেব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন। তিনি লেখেন, আমি সব সময় আমার টেকনিশিয়ান ভাইদের পাশে আছি। ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক। চলচ্চিত্র অঙ্গনে দেবের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, প্রতিশ্রুতির চেয়ে বাস্তব কাজে এগিয়ে আসার এই দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।
সম্প্রতি টলিউডে বিভিন্ন সংগঠনের মধ্যে মতবিরোধ নিয়ে আলোচনায় ছিলেন দেব। পরিচালক সংগঠন ও ফেডারেশনের দ্বন্দ্বের কারণে অনির্বাণ ভট্টাচার্য ও ঋদ্ধি সেন-এর মতো কিছু শিল্পীর কাজ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আশ্বাস দেন, ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পরবর্তীতে দেব সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আইনি চিঠি শেয়ার করেন, যেখানে দেখা যায় পরিচালক সংগঠন আলোচনায় বসতে সম্মত হয়েছে। যদিও এ ঘটনায় কিছুটা অসন্তোষ প্রকাশ করেন প্রসেনজিৎ। এদিকে দেব তার নতুন সিনেমা ‘দেশু ৭’-এ অনির্বাণ ভট্টাচার্যের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


