রোমান্টিক-মিউজিক্যাল ঘরানায় সাফল্যের জন্য পরিচিত মোহিত সূরি আবারও নতুন প্রেমের গল্প নিয়ে ফিরছেন। গত বছর তাঁর নির্মিত সাইয়ারা ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এবং এর মাধ্যমেই অভিষেক ঘটে আহান পাণ্ডে ও অনীত পড্ডা-র। অল্প সময়েই তারা জনপ্রিয়তা অর্জন করেন।

এক বছরের মধ্যেই একই জুটিকে আবারও নিজের নতুন ছবিতে নিচ্ছেন মোহিত। বলিউড হাঙ্গামার সূত্র মতে, এবারও প্রেমের গল্প হলেও এটি আগের ছবির থেকে সম্পূর্ণ আলাদা হবে। ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
মোহিত সূরি জানিয়েছেন, তিনি সবসময় গভীর আবেগঘন প্রেমের গল্প বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁর ভাষায়, এমন গল্পই তিনি তুলে ধরতে চান যা দর্শকের মনে দীর্ঘদিন দাগ কাটবে। একই টিম নিয়ে আবার কাজ করতে পারাকে তিনি বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন।
প্রযোজক অক্ষয় বিধানি বলেন, মোহিতের সঙ্গে কাজ মানে শুধু সিনেমা নির্মাণ নয়, বরং দর্শকের মনে স্থায়ী প্রভাব ফেলতে পারে এমন অনুভূতি তৈরি করা। ‘সাইয়ারা’ তাদের জন্য এমনই একটি অভিজ্ঞতা ছিল, আর নতুন ছবিতে তারা আরও গভীর গল্প তুলে ধরতে চান।
এদিকে, আহান পাণ্ডে বর্তমানে আলী আব্বাস জাফর-এর একটি ছবিতে কাজ করছেন, যেখানে তাকে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। সেই ছবির কাজ শেষ করে আগামী আগস্টের দিকে মোহিত সূরির নতুন এই প্রজেক্টের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


