সিরাজগঞ্জে অনলাইন অ্যাপসের মাধ্যমে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে এবং ‘জিনের বাদশা’ সেজে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। এর আগে সোমবার (১ জুন) রাতে সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার বিবরণ অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট’ নামের একটি সোলার প্রকল্পভিত্তিক অ্যাপসে বিনিয়োগের কথা বলে স্থানীয়দের আকৃষ্ট করেন। পরে অধিক লাভের প্রলোভন দেখিয়ে ‘সিইএফ’ নামের আরেকটি ভুয়া অনলাইন অ্যাপসে বিনিয়োগে বাধ্য করেন। এভাবে বিভিন্ন সময়ে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এক পর্যায়ে অ্যাপসগুলো বন্ধ হয়ে গেলে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এই চক্রের শিকার হয়ে সর্বস্ব হারানো সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম নামের এক নারী ১ জুন সদর থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ তদন্তে নামে এবং সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সলঙ্গা থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি ট্যাব, একটি স্মার্টফোন এবং বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ আরও জানান, ডিজিটাল প্রতারণার পাশাপাশি আব্দুল হামিদ ‘Hamkail Moakael’ নামের একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে ‘জিনের বাদশা’ সেজে সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকি দিতেন। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



