ঈদকে কেন্দ্র করে বড় পর্দায় আসছে মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি ঘিরে দর্শকমহলে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই দেশজুড়ে সিনেমাটির প্রচারণা আরও জোরদার হয়েছে। বিভিন্ন জেলা শহরের বিলবোর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে এর ব্যাপক প্রচার। এরই মধ্যে শাকিব খান নিজেও সিনেমাটির নতুন একটি শক্তিশালী পোস্টার শেয়ার করেছেন, যা নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।
নতুন পোস্টারে শাকিব খানকে একেবারে ভিন্ন রূপে দেখা যায়। তিনি বসে আছেন একটি জ্বলন্ত গাড়ির দরজার পাশে, এক পা বাইরে রেখে। মাথায় ড্রেডলক চুল, চোখে কালো চশমা, গায়ে কালো স্লিভলেস পোশাক এবং থ্রি-কোয়ার্টার জিন্স, পায়ে লাল রঙের স্নিকার্স।
তার দুই হাতে ট্যাটুর নকশা স্পষ্টভাবে দেখা যায়। এক হাতে তিনি শক্ত করে ধরে আছেন একটি ইলেকট্রিক গিটার, যেখান থেকে আগুনের শিখা বের হচ্ছে। পুরো ছবিটিতে তাকে এক আক্রমণাত্মক ও ভিন্নধর্মী রকস্টার রূপে উপস্থাপন করা হয়েছে।
পোস্টারটি শেয়ার করে শাকিব খান লেখেন, “সব হাত গিটার ধরে না, কিছু হাত বিপ্লব ঘটায়। রকস্টার।”
সিনেমাটিতে একজন রকস্টারের উত্থান, জীবনের সংগ্রাম ও পতনের গল্প তুলে ধরা হবে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে ‘রকস্টার’ এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



