প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সরকারি দায়িত্ব ছাড়ার আগে সম্পদ ও আর্থিক অবস্থার পূর্ণ হিসাব প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় যে সম্পদের ঘোষণা দিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার দিনেও তাতে কোনো পরিবর্তন হয়নি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘গত বছরের জানুয়ারিতে আমি আমার সব সম্পদ ও আয় সম্পর্কে পূর্ণাঙ্গ ঘোষণা দিয়েছিলাম।
তখন আমি জানিয়েছিলাম, ঢাকার শাহীনবাগে আমার একটি ফ্ল্যাট আছে, পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে দনিয়ায় আরও একটি ফ্ল্যাট পেয়েছি। আমার স্ত্রী ও আমি ময়মনসিংহে প্রত্যেকে একটি করে অ্যাপার্টমেন্টের মালিক। এছাড়া, গ্রামের বাড়ি মাগুরায় আমার ৪০ শতাংশ কৃষিজমি রয়েছে।’
দায়িত্ব ছাড়ার সময়ও সম্পদের অবস্থান অপরিবর্তিত বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘আমি তিনটি ফ্ল্যাটের মালিক, আমার স্ত্রী একটি ফ্ল্যাটের মালিক এবং কৃষিজমির মালিকানাতেও কোনো পরিবর্তন হয়নি।’
ব্যাংক হিসাবের বিষয়ে তিনি জানান, তার নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট আছে। দায়িত্ব নেওয়ার সময় সেখানে জমা ছিল ১ কোটি ১৪ লাখ টাকা। বর্তমানে সেই হিসাবের অবস্থান ১ কোটি ২৩ লাখ টাকা।

শফিকুল আলম এই ৯ লাখ টাকার বৃদ্ধি ব্যাখ্যা করে বলেন, ‘এর মধ্যে ৭ লাখ ৫০ হাজার টাকা এসেছে আমার শ্যালকের কাছ থেকে, যিনি আগে আমার কাছ থেকে ধার নিয়েছিলেন। এছাড়া, আমার বড় ভাই ২ হাজার ৫০০ মার্কিন ডলার পাঠিয়েছেন, যা রমজান মাসে দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিতরণের জন্য ব্যবহার করা হবে।’
তিনি আরও বলেন, তার সম্পদ ও আর্থিক লেনদেন সম্পর্কে যে কেউ অনুসন্ধান করতে চাইলে তা তিনি স্বাগত জানাবেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শেষে তিনি রসিকতার ছলে উল্লেখ করেন, তার সেই নকল বারবারি মাফলারটি এখনো তার কাছে আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


