ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়ায় শোবিজ অঙ্গনের তারকাদের বিবেচনায় না নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) প্রশংসা জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে “লাল সালাম” জানিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে বিএনপি। তালিকায় বিনোদন জগতের পরিচিত কোনো মুখ না থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরদিন মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি প্রতিক্রিয়া দেন ন্যান্সি।
তিনি লেখেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী বা মডেলদের শুধুমাত্র প্রদর্শনীর বস্তু না বানিয়ে বরং ত্যাগী, যোগ্য এবং রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বিএনপিকে তিনি “লাল সালাম” জানাচ্ছেন।
ন্যান্সির এই মন্তব্য সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেক ব্যবহারকারী তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “এই কারণেই আপনাকে আমরা এত পছন্দ করি,” আবার কেউ মন্তব্য করেছেন, “আপনার সঙ্গে আমরাও একমত।”
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনের মধ্যে প্রায় ১,৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখও ছিলেন। তবে শেষ পর্যন্ত দলটি বিনোদন জগতের তারকাদের বাদ দিয়ে রাজনৈতিকভাবে অভিজ্ঞ ও দীর্ঘদিনের কর্মীদের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


