ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেছেন, যদি পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া এবং তাদের কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখে, তাহলে দেশটির ভবিষ্যৎ নিয়ে কঠোর পরিস্থিতি তৈরি হতে পারে।

শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে তিনি এসব মন্তব্য করেন।
সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসী কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখে, তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা ভূখণ্ড হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যে কোনো ধরনের পুনরাবৃত্তি ঘটলে সেনাবাহিনী যথাযথ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে।
এ সময় তিনি সন্ত্রাসবাদবিরোধী অবস্থানে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত বছরের ৭ মে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান শুরু করে ভারত। কাশ্মীরের পেহেলগামে হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকটি স্থানে অভিযান চালানোর দাবি করে নয়াদিল্লি।
এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানও পাল্টা সামরিক পদক্ষেপ নেয় বলে জানা যায়।
দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী উত্তেজনার পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



