ভারতের তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত প্রযোজক আর বি চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) বিকেলে উদয়পুর-এর কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সঠিক কারণ এবং এতে অন্য কেউ আহত হয়েছেন কি না—তা এখনো নিশ্চিত করা যায়নি। এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

১৯৮৮ সাল থেকে তামিল চলচ্চিত্রে প্রভাবশালী নাম হিসেবে পরিচিত আর বি চৌধুরী জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সুপার গুড ফিল্মস-এর প্রতিষ্ঠাতা ছিলেন। তার মরদেহ চেন্নাইয়ে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী মাহজাবিন এবং সন্তানদের রেখে গেছেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা জিভা ও জিথান রমেশ। জিভা পারিবারিক প্রযোজনা সংস্থার অধীনে নির্মিত একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘থিথিকুডে’ (২০০৩), ‘ই’ (২০০৬) এবং ‘কাছেরি আরামবাম’ (২০১০)।
তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। প্রযোজক অর্চনা কালপাথি তাকে একজন শক্তিশালী প্রযোজক ও অসাধারণ মানুষ হিসেবে স্মরণ করে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সুপারস্টার রজনীকান্ত লিখেছেন, তিনি ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু এবং একজন শীর্ষস্থানীয় প্রযোজক, যিনি বহু নতুন নির্মাতাকে সুযোগ করে দিয়েছেন।
দীর্ঘ কয়েক দশকের কর্মজীবনে আর বি চৌধুরী তামিল চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার হাত ধরে বহু শিল্পী ও নির্মাতা চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা লাভ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


