মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, শেষ পর্যন্ত ইরান আলোচনায় অংশ নেবে। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তান-এর উদ্দেশে রওনা হয়েছে এবং সোমবার রাতেই তারা ইসলামাবাদ পৌঁছাবে।

দ্য নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতেও আগ্রহী।
দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আলোচনার পরিকল্পনা রয়েছে এবং আপাতত তিনি মনে করছেন, কোনো পক্ষই কৌশলী আচরণ করছে না।
তার দেওয়া তথ্য অনুযায়ী, এবারের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। তার সঙ্গে থাকবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার।
ইরানের নেতাদের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা চাইলে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই।
এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কঠোর অবস্থান ব্যক্ত করে ট্রাম্প বলেন, দেশটিকে অবশ্যই যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা পরিত্যাগ করতে হবে এবং তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


