মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া নামের এক পিকআপচালক নিহত হয়েছেন। নিহত লোকমান মিয়ার বাড়ি সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকায়।

শনিবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, উদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তেই পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় চালক লোকমান মিয়াকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা সাতগাঁও হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।
সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আহমেদ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



