সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জাউয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জাউয়া বাজারসংলগ্ন খিদ্রাখাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে জাউয়া কোনাপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলীর প্রায় ২০ লাখ টাকা পাওনা ছিল। দীর্ঘদিন ধরেও টাকা ফেরত না পাওয়ায় দুই দিন আগে আখলুছ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। পরে এ ঘটনার জেরে জাউয়া বাজারে আখলুছ মিয়ার সমর্থকরা মোহাম্মদ আলীকে মারধর করেন।
এর পাল্টা প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ আলীর পক্ষের লোকজন আখলুছ মিয়ার অনুসারীদের ওপর হামলা চালায়। এই বিরোধের ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে জাউয়া বাজার এলাকায় ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
রাতের অন্ধকারে উভয়পক্ষ টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে যানজটে আটকে যান সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। পরিস্থিতি শান্ত করতে তিনি গাড়ি থেকে নেমে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। তবে সংঘর্ষের মধ্যে পড়ে ইটপাটকেলের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আহত হন তিনি। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


