ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার (১০ মে) রাতেই তাদের গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয়। পরে রাতভর ভবানী ভবনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার (১১ মে) তাদের বারাসত আদালতে তোলা হবে বলে জানিয়েছে এনডিটিভি।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পরই হামলার শিকার হন চন্দ্রনাথ রথ। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই, গত ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতকারীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। এতে চন্দ্রনাথের বুকে ও হাতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নামে সিআইডি ও এসটিএফ। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মেলে ইউপিআই লেনদেন থেকে। জানা যায়, আততায়ীরা বালি টোল প্লাজায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা পরিশোধ করেছিল। সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীরা উত্তর প্রদেশে অভিযান চালান।
পরে অভিযান চালিয়ে উত্তর প্রদেশ থেকে তিনজন শার্প শুটারকে গ্রেফতার করা হয়। রোববার রাতেই তাদের কলকাতায় আনা হয় এবং ভবানী ভবনে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন, এই শার্প শুটারদের কে বা কারা ভাড়া করেছিল এবং কেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে টার্গেট করা হয়েছিল। শুরু থেকেই তদন্তকারীদের ধারণা ছিল, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের পেছনে ভিনরাজ্যের অপরাধচক্র জড়িত থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


