ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। মার্কিন বিনোদনভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটির খবরে জানা যায়, কয়েকদিন আগে প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে ১৭ এপ্রিল ৫৭ বছর বয়সে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তার দুই মেয়ে সিলিয়া ও শানা গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, ফ্রান্স একজন প্রতিভাবান শিল্পীকে হারিয়েছে, আর তারা হারিয়েছেন তাদের স্নেহময়ী মাকে।
এদিকে তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ল্য ফিগারো। প্রাথমিকভাবে কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি।
১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করেন নাদিয়া ফারেস। শৈশব কাটে ফ্রান্সের নিস শহরে। অভিনয়ের স্বপ্ন নিয়ে পরবর্তীতে তিনি প্যারিসে পাড়ি জমান। ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ক্রিমসন রিভার্স’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন। সেখানে তিনি অভিনয় করেন জ্যাঁ রেনো ও ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে।
পরবর্তীতে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ ও ‘স্টর্ম ওয়ার্নিং’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন।
২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করে কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন নাদিয়া। পরে ২০১৬ সালে ‘মার্সেই’ ধারাবাহিকের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন। ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের পর ২০২২ সালে তিনি পুনরায় ফ্রান্সে ফিরে আসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


