নাটোরের আহমেদপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে দেরি হওয়াকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে নিরাপত্তাজনিত কারণে ওই স্টেশনটিতে সাময়িকভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল সরবরাহ পাওয়ার পর তা ক্রেতাদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে এক ট্রাকচালক আবদুল ওহাব দ্রুত তেল দেওয়ার দাবি জানান। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে। এতে কক্ষের বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর পুলিশ আসার আগেই অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ফিলিং স্টেশনের ম্যানেজার ফজের আলী জানান, সামান্য দেরির কারণে চালক ভাঙচুর করেন এবং তাকে লাঞ্ছিতও করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি বিচার দাবি করেছেন।
অন্যদিকে ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা বলেন, ঘটনার পর বিষয়টি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে।
নাটোর সদর থানার ওসি জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


