মালয়েশিয়া থেকে কন্টেইনারবোঝাই পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রাকালে থাইল্যান্ডের ফুকেট উপকূলে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে জাহাজে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করেছে থাই নেভির একটি উদ্ধারকারী দল।

ডুবে যাওয়া জাহাজটির নাম ‘এমভি সিলয়েড এআরসি’, যা পানামার পতাকাবাহী বলে জানিয়েছে জাহাজটির বাংলাদেশি এজেন্ট প্রতিষ্ঠান আলভি লাইন্স বাংলাদেশ। প্রতিষ্ঠানটির অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে জাহাজটি হঠাৎ করে প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে একপর্যায়ে ডুবে যায়।
তিনি আরও জানান, জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। পরে থাই নেভির সহায়তায় জাহাজে থাকা সব নাবিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১৬ জন নাবিকই বাংলাদেশি এবং তারা সবাই সুস্থ আছেন। বর্তমানে তাদের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে।
জাহাজটি কী কারণে কাত হয়ে ডুবে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধার হওয়া নাবিকরা কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন আলভি লাইন্স বাংলাদেশের অপারেশনাল ম্যানেজার।
উল্লেখ্য, পানামার পতাকাবাহী এই জাহাজটি ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে যাত্রা শুরু করে এবং ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


