চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের নতুন সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ঢাকা-বেইজিং সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় চীন। একই সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় বাংলাদেশের সঙ্গে উচ্চমানের সহযোগিতা এগিয়ে নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠককালে শি জিনপিং এ মন্তব্য করেন।
বৈঠকে শি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতার নতুন রূপরেখা তৈরি করতে চায়। বিশেষ করে পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উদ্ভাবনভিত্তিক খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী বেইজিং।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার মাধ্যমে পারস্পরিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
এর আগে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।
চীনের স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে, বিশেষ করে প্রযুক্তি, অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি এবং টেকসই উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



