চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের ঠিক আগ মুহূর্তে সামরিক তৎপরতা আরও বাড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন নৌবাহিনীকে ১০ হাজার টনের একটি নতুন ডেস্ট্রয়ার নির্মাণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পানির নিচে ব্যবহারের জন্য নতুন গোপন অস্ত্র তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

রাষ্ট্রীয় সংবাদপত্র রোদং সিনমুন জানিয়েছে, গত বৃহস্পতিবার নৌ মহড়া ও বিভিন্ন সামরিক পরীক্ষা পর্যবেক্ষণ করেন কিম জং উন। সফরকে কেন্দ্র করে তিনি একাধিক অস্ত্র কারখানা ও নৌ ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার ‘কাং কন’-এ ওঠেন এবং ‘চোয়ে হিয়ন’ নামের আরেকটি ৫ হাজার টনের যুদ্ধজাহাজ পর্যবেক্ষণ করেন।
উল্লেখযোগ্যভাবে, ‘কাং কন’ যুদ্ধজাহাজটি গত বছর পানিতে নামানোর সময় আংশিকভাবে উল্টে গিয়েছিল। পরে সেটি মেরামত করে আবারও নৌবাহিনীতে যুক্ত করা হয়।
এর আগে একটি নতুন পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কিম জং উন দেশের পারমাণবিক অস্ত্রাগার দ্রুত সম্প্রসারণের আহ্বান জানান। তিনি সামরিক সক্ষমতা বাড়াতে ধারাবাহিক উন্নয়নের ওপর জোর দেন।
আগামী ৮ থেকে ৯ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিয়ংইয়ং সফর করবেন। সাত বছরের মধ্যে এটি হবে তার উত্তর কোরিয়ায় দ্বিতীয় সফর। বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রেক্ষাপটে চীন নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করতে চাইছে।
রোদং সিনমুনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিম জং উন সম্ভাব্য পারমাণবিক হামলা প্রতিরোধে নৌ সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থল, আকাশ ও সমুদ্র—তিন ক্ষেত্রেই শক্তিশালী সামরিক প্রস্তুতির নির্দেশ দেন তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, যুদ্ধজাহাজ পরিদর্শনের সময় কিমের সঙ্গে তার কন্যাও উপস্থিত ছিলেন, যাকে জু অ্যা বলে ধারণা করা হয়।
২০২৫ সালের মে মাসে চংজিন বন্দরে একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার উদ্বোধনের সময় আংশিকভাবে উল্টে যাওয়ার ঘটনা ঘটে। পরে কিম জং উন ঘটনাটিকে গুরুতর অবহেলা হিসেবে আখ্যা দেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে জাহাজটি মেরামত শেষে আবার চালু করা হয় এবং নাম দেওয়া হয় ‘কাং কন’।
দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের বিশ্লেষক হং মিন বলেন, প্রথমবারের মতো উত্তর কোরিয়া ১০ হাজার টনের ডেস্ট্রয়ার নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছে, যা তাদের নৌ-শক্তি বৃদ্ধির নতুন দিক নির্দেশ করে। তার মতে, শি জিনপিংয়ের সফরের আগে এই সামরিক প্রদর্শন কৌশলগত বার্তাও বহন করছে।
সূত্র: আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



