বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের ব্যক্তিগত প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে নিজের অনুভূতি তুলে ধরেন।

ভিডিওর শুরুতে ভক্তদের প্রতি সম্মান জানিয়ে প্রভা বলেন, কেউ যদি সত্যিকারের ভক্ত হন এবং তার অভিনয় বা কাজ পছন্দ করেন, তাহলে হঠাৎ দেখা হওয়ার পর ব্যক্তিগত বিষয় নিয়ে অপ্রস্তুত প্রশ্ন করা শোভন নয়। বিশেষ করে ‘আপা, বিয়ে করছেন না কেন?’—এ ধরনের প্রশ্ন তাকে বিব্রত করে বলে জানান তিনি।
প্রভা বলেন, জন্ম, মৃত্যু ও বিয়ে—এই তিনটি বিষয় মহান আল্লাহর হাতে নির্ধারিত। মানুষের চাওয়া বা না চাওয়ার বাইরে এগুলো নির্দিষ্ট হয়ে থাকে। তার ভাষায়, যদি ভাগ্যে বিয়ে লেখা থাকে তবে তা হবেই, আর না থাকলে জোর করে সম্ভব নয়।
নিজের জীবনের সংগ্রামের প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, আল্লাহ হয়তো তার ভালোর জন্যই অনেক কিছু নির্ধারণ করেননি। তার কষ্ট ও লড়াই সম্পর্কে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন, তাই মানুষকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অনুভব করেন না তিনি।
সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহলের সমালোচনাও করেন প্রভা। তিনি বলেন, বাইরের দৃষ্টিতে কারও জীবনযাপন আধুনিক বা ব্যতিক্রমী মনে হলেও প্রায় প্রতিটি নারীই মনে মনে একটি পরিবার, স্বামী-সন্তান ও সংসারের স্বপ্ন দেখেন।
তিনি আরও বলেন, যারা ভাঙা সম্পর্ক বা বিষাক্ত দাম্পত্য জীবন থেকে বেরিয়ে এসে নতুনভাবে বাঁচার চেষ্টা করছেন, তাদের মনেও গভীর কষ্ট থাকে। তাই সন্তান বা বিয়ে নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন না করে মানুষের ব্যক্তিগত অনুভূতির প্রতি সম্মান দেখানো উচিত।
প্রভা বলেন, সন্তান আল্লাহর বিশেষ নিয়ামত। কেউ না চাইলেও অনেক সময় সন্তান আসে, আবার অনেক চাইলেও আসে না। তাই এসব বিষয় নিয়ে মানুষের বিশ্বাস ও ধৈর্য থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


