পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। ইফতারের জন্য প্রয়োজনীয় লেবু, বেগুন, শসা, খেজুর, ফলমূল এমনকি মাংসের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, একটি ভালো মানের লেবুর হালির দাম (১০০-১২০ টাকা) এখন প্রায় এক ডজন ফার্মের ডিমের সমান।

বৃহস্পতিবার সকালে চকবাজার ও বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে লেবুর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। বড় আকারের এক হালি লেবু বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যেখানে গত বছর একই সময়ে এর দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা।
ইফতারের জনপ্রিয় আইটেম বেগুনি ও সালাদের প্রধান উপকরণ বেগুন ও শসার দামও চড়া। বেগুন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকায়, আর শসা ৮০-১০০ টাকায়। পেঁয়াজ, টমেটো ও কাঁচা মরিচের দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ৪০-৫০ টাকা, যা এখন ৫০-৬০ টাকা। টমেটো ৪০-৪৫ টাকা থেকে বেড়ে ৬০-৬৫ টাকায় উঠেছে। কাঁচা মরিচেও কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
খেজুরের বাজারেও একই চিত্র। সাধারণ মানের খেজুরের দাম যেখানে ৪০০ টাকার মধ্যে থাকার কথা, সেখানে তা প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। উন্নতমানের আজওয়া বা মরিয়ম খেজুরের দাম খুচরা বাজারে ৯৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত উঠেছে।
কলার দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে—ডজনপ্রতি ৬০-৭০ টাকা থেকে বেড়ে এখন ১২০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। আপেল ও মাল্টার দাম কেজিতে ৫০-৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
চকবাজার এলাকার বাসিন্দা মনসুর আলমের অভিযোগ, রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে, ব্যবসায়ীরা সেগুলোর দাম ইচ্ছেমতো বাড়িয়ে দিচ্ছেন।
কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের মতে, নতুন সরকারের জন্য বাজারদর নিয়ন্ত্রণ করা এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, নিয়মিত বাজার তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে না।
রমজান সংযমের মাস হলেও বাজারের এই অস্থিরতা অনেকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সাধারণ ক্রেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


