ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বরিশালে নিজ গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নওশিন।

তিনু করিম

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে স্ত্রী ও ১১ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে যান তিনু করিম। সবকিছু স্বাভাবিক থাকলেও হঠাৎ দুপুরের দিকে তিনি অসুস্থতা অনুভব করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছর দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন এই অভিনেতা। নভেম্বর মাসে বরিশালে অবস্থানকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৪০ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। এ সময় আইসিইউ ও লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। একপর্যায়ে চিকিৎসকেরা আশাহত হলেও তিনি আশ্চর্যজনকভাবে সাড়া দেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে জানুয়ারির শুরুতে বাসায় ফেরেন। তবে সেই সুস্থতা বেশিদিন স্থায়ী হয়নি; কয়েক সপ্তাহের মধ্যেই আবার হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, তিনু করিম সুস্থ হয়েই বরিশালে গিয়েছিলেন। দীর্ঘদিন গলায় নল থাকার কারণে তার কথা বলতে কিছুটা সমস্যা ছিল, তবে শারীরিকভাবে ভালো ছিলেন। মৃত্যুর দিন সকালে তিনি ভোটও দেন। এরপর বাসায় ফিরে অসুস্থতা অনুভব করলে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে যাত্রা শুরু করেন। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ বিভিন্ন নাটকে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনে কাজ করে তিনি ব্যাপক পরিচিতি পান।

তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার স্মৃতিচারণ করে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.