ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটকক্ষে গোপনীয়তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, এবারের নির্বাচনে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং কমিশনের নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই তাদের কার্যক্রম পরিচালিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিনি জানান, শুরু থেকেই নির্বাচন কমিশন স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। যেকোনো অনিয়ম বা ব্যত্যয় চিহ্নিত করতে আধুনিক প্রযুক্তি, এমনকি থার্মাল লেন্স ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
ভোটারদের আস্থা বাড়াতে ‘গভীর ও অর্থবহ সম্পৃক্ততা’র উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় অভিভাবক ও স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
নির্বাচন ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যেই কমিশন কাজ করছে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। তার ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় ধারণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলে একযোগে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


