আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ফ্রান্সের তুলুজ থেকে ২১০ কিলোমিটার বা ১৩০ মাইল দূরে অ্যাভেরোঁতে মানুষের হাতে গড়া এক বিস্ময়কর স্থাপনা আছে। তার নাম মিঁও দ্য ভিয়াডুক—বিশ্বের উঁচু সেতুগুলোর অন্যতম, প্রায় আকাশছোঁয়া। উচ্চতায় ৩৪৩ মিটার বা ১ হাজার ১২৫ ফুট। আইফেল টাওয়ারকে ছাড়িয়ে ১৩ মিটার বেশি উঁচু এটি। লম্বায় ২ হাজার ৪৬০ মিটার বা ৮ হাজার ৭১ ফুট। প্রস্থ ৩২ মিটার বা ১০৫ ফুট—গড়পড়তায় ১৭ জন ইউরোপীয় দুহাত ছড়িয়ে স্বচ্ছন্দে পাশাপাশি দাঁড়াতে পারে। ১৮টি স্টিলের ডেকের মোট ওজন ৩৬ হাজার টন, অর্থাৎ ৫ হাজার ১০০টি আফ্রিকান পূর্ণবয়স্ক হাতির ওজনের সমান!

Advertisement

দক্ষিণ ফ্রান্সের তার্ন নদী আর বিস্তীর্ণ উপত্যকা নিচে রেখে, অনেকটা মেঘের রাজ্যে আধুনিক প্রযুক্তির উপহার এমন স্থাপনা নির্মাণে ব্রিটিশ এবং ফরাসি প্রযুক্তিবিদদের বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। ২০০১ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয় এবং শেষ হয় ২০০৪ সালের ডিসেম্বরে। তিন বছরের রেকর্ড সময়ে নির্মাণকাজ শেষ হলেও, শুধু প্রস্তুতির জন্য সময় লেগেছিল ১৪ বছর। আর এটি নির্মাণে ব্যয় হয়েছিল ৪০ কোটি ইউরো। নির্মাণকারীরা ১২০ বছর পর্যন্ত সেতুটির স্থায়িত্বের নিশ্চয়তা দিয়েছেন।

সেতুটি নির্মিত হওয়ার আগে, গাড়িতে প্যারিস থেকে লিওঁ হয়ে স্পেনে যেতে হতো। এতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হতো; বিশেষ করে গরমের ছুটিতে তা মাত্রা ছাড়াত। এই সেতু ভ্রমণকারীদের অসহনীয় এবং সময়ক্ষেপণকারী যানজটের কষ্ট লাঘব করেছে। উপরন্তু ৭৪ কিলোমিটার বা ৪৬ মাইল পথ কমিয়ে দিয়েছে। এখন সময়ের সঙ্গে অর্থও সাশ্রয় হচ্ছে। প্রায় আড়াই কিলোমিটার লম্বা সেতুতে টোল দিতে হবে ৯ দশমিক ৫০ ইউরো।

মেঘের রাজ্যে আধুনিক প্রযুক্তির উপহার বিস্ময়কর সেতু মিঁও দ্য ভিয়াডুক। ছবি: অ্যাভেরোঁ পর্যটন, ফ্রান্স

শতাব্দীর বিশাল কর্মযজ্ঞ দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে, সেতুর অদূরে স্থাপন করা হয়েছে সুন্দর ছোট্ট একটি জাদুঘর, যেটি বিনা প্রবেশমূল্যে সবার জন্য উন্মুক্ত। কৌতূহলী পর্যটকদের ফরাসি, স্প্যানিশ ও ইংরেজি— তিনটি ভাষায় বর্ণনা করা হয় সেতুটির

চমকপ্রদ সব তথ্য এবং নির্মাণ ইতিহাস। জাদুঘরে সংরক্ষিত আছে নির্মাণকালের বহু ছবি। বুটিকে পাওয়া যাবে চমৎকার সব স্মারক। খাবারের জন্য আছে রেস্তোরাঁ।

স্থানীয় ব্যক্তিরা শর্ত দিয়েছিল, পাহাড়, নদীঘেরা উপত্যকার ঢালে, মহিমাময় নৈসর্গিকতায় দৃষ্টিকটু কোনো স্থাপনা করা চলবে না। সেতুটির নির্মাণশৈলী দৃষ্টিনন্দন হতে হবে। ফরাসি প্রকৌশলী মিশেল ভিরলোজেক্সের কনসেপ্টের ওপর ভিত্তি করে সে শর্ত একান্ত নিষ্ঠায় পূরণ করেছিলেন ইংরেজ নকশাবিদ, স্থপতি লর্ড নর্মান ফস্টার।

ফ্রান্সের এদিকটায় বেড়াতে এলে, গাড়িতে বসেই মেঘের রাজ্যে ভ্রমণের স্বাদ উপভোগের এমন সুবর্ণ সুযোগ হারানো উচিত হবে না কারও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.