ভারতের পরিচিত ইউটিউবার ও ‘বিগ বস ১৭’-এর সাবেক প্রতিযোগী অনুরাগ ডোভাল সম্প্রতি ইউটিউব লাইভে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও তার শারীরিক অবস্থা আবারও কিছুটা অবনতি হয়েছে। বর্তমানে অনুরাগ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, জানিয়েছেন তার ম্যানেজার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৪ মার্চ) ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগের ম্যানেজার রোহিত পান্ডে তার শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দেন। তিনি জানান, সকাল পর্যন্ত অনুরাগের অবস্থা স্থিতিশীল ছিল, তবে দুর্ঘটনার কারণে তার ফুসফুস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সংক্রমণ দেখা দিয়েছে। চিকিৎসকরা তীব্র নিউমোনিয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন।
রোহিত আরও জানিয়েছেন, অনুরাগ বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তিনি ভক্তদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেছেন। এর আগে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) অনুরাগকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছিল। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা তার একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে অনুরাগ ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন।
ঘটনার সূত্রপাত ঘটে, যখন অনুরাগ সম্প্রতি লাইভে এসে গাড়ি চালাচ্ছিলেন। লাইভ চলাকালীন তিনি আবেগঘন মন্তব্যও করেন। একপর্যায়ে মায়ের উদ্দেশে বলেন, “পরের জন্মে যদি আসি, শুধু একটু ভালোবাসা দিয়ো।” এরপরই তিনি গাড়ির গতি বাড়ান এবং কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে অনুরাগ জানিয়েছিলেন যে পারিবারিক দ্বন্দ্বের কারণে তিনি মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


