
তিলকপুর গ্রাম পাবনা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। এটি ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। এখানে প্রায় ৩ হাজার মানুষের বাস। এখানে চুরি-ছিনতাইয়ের ঘটনা যেন নিত্যদিনের আর মাদকসেবী-বিক্রেতাদের আনাগোনা ও ইভিটিজিংয়ের কারণে অতিষ্ঠ গ্রামবাসী। এসব অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে বাঁচতে নতুন এক উদ্যোগ নেয় গ্রামের যুব সমাজ ও তিলকপুর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। পুরো গ্রামকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে কাজ শুরু করেন তারা। এরইমধ্যে গত ২৭ ডিসেম্বর গ্রামের বিভিন্ন পয়েন্টে ৩২টি সিসি ক্যামেরা বসিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে আরো ৩শ সিসি ক্যামেরা বসানো হবে।
অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডগুলো এর মাধ্যমে নিয়ন্ত্রণসহ নিরাপত্তা বাড়বে হবে বলে প্রত্যাশা করেন পাবনা দারুচিনি ফ্যাশন কর্পোরেশন উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক শাহীন রানা। বলেন, ২৪ ঘণ্টা থানার সঙ্গে লিংক থাকবে এসব সিসি ক্যামেরার। যার ফলে এ গ্রাম থেকে চিরতরে অনৈতিক কাজ দূর হবে চিরতরে। সারাদেশে এ ধরনের কার্যক্রম ছড়িয়ে দেয়া সম্ভব হলে গ্রামপর্যায়ে অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, এটি একটি চমৎকার উদাহরণ। আশা করি এ উদাহরণে পাবনার অনেক গ্রামই সিসি ক্যামেরার আওতায় চলে আসবে। জানা যায়, ৭ বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রামে ৩শো’ সিসি ক্যামেরা স্থাপনে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



