Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর স্টেশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি ও  জংশনটির আধুনিকায়নসহ আট দফা দাবি জানিয়েছে জেলার বিশিষ্টজনরা।

শনিবার সকালে জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামের হলরুমে স্থানীয় ট্রেনযাত্রীদের সংগঠন গাজীপুর প্যাসেঞ্জারস কমিউনিটি এ দাবি জানায়।

রোটারী ক্লাব অব গাজীপুরের আয়োজনে সংবাদ সম্মেলনে প্যাসেঞ্জারস কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. সামশুল হক জানান, আয়ের দিক থেকে জয়দেবপুর রেল জংশন দেশের মধ্যে চতুর্থ স্থানে থাকা সত্ত্বেও এটি নানা দিক থেকে সুবিধা বঞ্চিত এবং অব্যবস্থাপনার শিকার। প্রায় অর্ধকোটি জনসংখ্যা অধ্যুষিত শিল্পসমৃদ্ধ গাজীপুর জেলার প্রতিদিন প্রায় ২০/২৫ হাজার যাত্রী এ জংশন দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়ত করে থাকেন। চাহিদা থাকা সত্ত্বেও এ জংশনে নয়টি আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি দেয়া হচ্ছে না। জংশনটি দিয়ে প্রতিদিন দেশের চারটি বিভাগের (ময়ময়সিংহ, রাজশাহী,খুলনা ও রংপুর)  আন্ত:নগরসহ ৭২টি বিভিন্ন ট্রেন যাতায়ত করে থাকে।

সংবাদ সম্মেলনে জংশনটিতে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি, প্লাটফর্মের সংখ্যা বৃদ্ধি, দ্রুত টঙ্গী-জয়দেবপুর ডাবল রেল লাইনের কাজ সমাপ্ত করা, জংশনে কাউন্টারের সংখ্যা বৃদ্ধি, জংশনের জন্য ট্রেনের আসন সংখ্যা ৪০০ থেকে দুই হাজারে বৃদ্ধি, অফিস সময় বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে তুরাগ ট্রেন সকাল সাড়ে ৮টা এবং টাঙ্গাইল কমিউটার ট্রেনের টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রাবিরতি ও সকাল সাড়ে ৯টার মধ্যে কমলাপুর পৌঁছানোর ব্যবস্থা, তুরাগ ট্রেনের বগি বাড়িয়ে ১৫টি এবং দুইটি বগি নারীদের জন্য সংরক্ষিত করাসহ প্রথম শ্রেণির আধুনিক সুবিধা সম্বলিত জংশনে উন্নীতকরণের দাবি জানানো হয়।

‘রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল’ এর সভাপতি প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দীন বুদ্দিন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলরুবা ফাইজিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, গাজীপুর প্যাসেঞ্জারস কমিউনিটির সাধারণ সম্পাদক খালেদ মাহবুব মোর্শেদ প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google