উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া হয়ে দাঁড়িয়ে থাকেন বাবা। বাবা মানে ভরসা, বাবা শাশ্বত, বাবা চির আপন। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় বাবা দিবস। আজ বিশ্ব বাবা দিবস। এ উপলক্ষে রাইজিংবিডির সঙ্গে কথা বলেছেন ঢাকাই সিনেমার নায়িকা ফাল্গুনি রহমান জলি।

‘বাবা’ শব্দটি শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা কঠিন। ফাল্গুনি রহমান জলি বলেন, “শুধু বাবা দিবস, প্রতিটি সেকেন্ডে বাবাকে মনে পড়ে। শব্দের মাধ্যমে বাবাকে ব্যাখ্যা করতে পারব না। বাবা-মা ব্যাপারটি একদম আলাদা।”
শৈশবের স্মৃতিচারণ করে ফাল্গুনি রহমান জলি বলেন, “আমরা চার ভাই-বোন। আমি বাবার চোখের মণি ছিলাম। আমার অন্য তিন ভাই-বোনকেও বাবা ভালোবাসতেন। কিন্তু আমি আমার বাবার চোখের মণি ছিলাম! আমি ছাড়া তার দুনিয়া অন্ধকার ছিল। বাসায় ঢুকেই বাবা জিজ্ঞেস করতেন, ‘পিচ্চি কোথায়?’ বাবা আমাকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। আমাকে না দেখে বাসার বাইরে বের হবেন না। আবার আমাকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হতো। কারণ বাসায় ফেরার আগে আম্মুকে ফোনে বলতেন, ‘পিচ্চিকে গেট খুলতে বলো।’ বাবার সঙ্গে আমার এরকম সম্পর্ক ছিল।”
জলির বাবা মারা গেছেন। বাবাকে হারিয়ে পুরোপুরি নিঃস্ব এই অভিনেত্রী। তার ভাষায়, “বাবাকে ছাড়া আমার কিছুই চলে না। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি, সেটা একটি মেয়ের দায়িত্ববোধের জায়গা থেকে। আমার বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেছেন, সেদিন থেকে আমি নাই হয়ে গেছি। আমার নিঃশ্বাস নেওয়া দরকার নিচ্ছি, আমার একটি ছেলে আছে, তার প্রতি আমার দায়িত্ববোধ আছে। আর এজন্যই এখনো বেঁচে আছি।”
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘অঙ্গার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জলি। এরপর ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘ডেঞ্জার জোন’ শিরোনামের সিনেমা মুক্তি পায়। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গোয়ার’। এটি ২০২৫ সালে মুক্তি পায়। বিরতি কাটিয়ে ফের অভিনয়ে সরব হবেন বলে জানিয়েছেন এই নায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



