ইরাকে নতুন সরকার গঠনের পর তেহরান-বাগদাদের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক সম্প্রসারণকে নিজেদের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে পুনর্ব্যক্ত করেছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল জাইদিকে সরকার গঠনের জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বহাল থাকা ফুয়াদ হুসেইনকে শুভেচ্ছা জানান তিনি।
আরাঘচি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী আলি আল-জাইদির নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য এবং আমার ভাই ফুয়াদ হুসেইনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বহাল থাকার জন্য অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, “তেহরান-বাগদাদের ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্প্রসারণ সবসময়ই আমাদের পররাষ্ট্রনীতির শীর্ষ অগ্রাধিকার হয়ে থাকবে।”
৪০ বছর বয়সী আলি আল-জাইদি বৃহস্পতিবার শপথ নেন এবং তিনি ইরাকের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হন। ইরাকের সরকারি সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি-আইএনএ-এর তথ্য অনুযায়ী, পার্লামেন্ট তার প্রস্তাবিত ২৩ সদস্যের মন্ত্রিসভার মধ্যে ১৪ জনকে অনুমোদন দিয়েছে।
তবে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও আলোচনা চলছে।
প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের চাপ এবং মার্কিন ব্যাংকে থাকা ইরাকের তেলের অর্থ জব্দ করার হুমকির কারণে সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য হন। এরপর আপসের প্রার্থী হিসেবে আল-জাইদি সামনে আসেন।
আল-জাইদি এর আগে কোনো নির্বাচিত বা প্রশাসনিক পদে ছিলেন না। ব্যাংকিং, লজিস্টিকস ও সরকারি চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


