Advertisement
জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় থাকা বিপন্ন একটি প্রাণি ধরা পড়েছে কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটের জঙ্গলে।

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী ও গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে বেঙ্গল ‘স্লো লরিস’ নামের অতিবিপন্ন ওই প্রাণীকে দুই যুবকের কাছ থেকে উদ্ধার করেন। পরে গত সোমবার রাত দেড়টার দিকে আনুষ্ঠানিকভাবে তা বনবিভাগকে হস্তান্তর করা হয়।

বনবিভাগের পক্ষে এটি গ্রহণ করেন- কক্সবাজার উত্তর বনবিভাগের এসিএফ মো. সোহেল রানা, সদরের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক ও বাঘখালি রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী।

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ইউনিয়নের বেলতলী গ্রাম থেকে মাঝিরঘাট জঙ্গলে যাওয়ার পথে দুই যুবক প্রাণিটি দেখে ধরেন। খবর পেয়ে তিনি আর গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ স্থানীয় ইউপি সদস্য মো. কামাল হোসেনের সহায়তা নিয়ে প্রাণীটি তাদের কাছ থেকে উদ্ধার করেন। এরপর বনবিভাগের লোকজনকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে যান।

বন্য প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদের বেঙ্গল স্লো লরিস হিসেবে ডাকা হয়। এটি লরিসিডি পরিবারের একটি অতিবিপন্ন প্রাণী। বিপন্ন এই প্রাণীটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। এটি বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত প্রাণী।

বাংলাদেশ বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকন বলেন, কক্সবাজারের গর্জনিয়া ইউনিয়নের জঙ্গলে একটি বেঙ্গল স্লো লরিস ধরা পড়েছে বলে আমরা খবর পেয়েছি। এটি খুবই বিরল প্রাণী। দেশের ১০টি অতিবিপন্ন প্রাণীর তালিকায় ১ নম্বরে আছে। এই দুর্লভ প্রাণী আজকাল দেখা যায় না। খাবারের সন্ধানে এটি লোকালয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের সদরের রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক মঙ্গলবার দুপুরে বলেন, উদ্ধারকৃত বেঙ্গল স্লো লরিস নামের ওই প্রাণীকে চকরিয়ার বঙ্গবন্ধু সাফরি পার্কে হস্তান্তর করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.