Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কারখানা কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

gjpr-grptr

গ্রেপ্তারকৃতরা হলেন মো. খাইরুজ্জামান উজ্জল (২৬), মো. মেহেদী হাসান নাঈম (২০), মো. আরমান আহমেদ (৩৫), মো. ফরহাদ হোসেন (১৯), মো. মনির হোসেন (২৮) ও মো. রুবেল রানা (২০)। তাঁদের বাড়ি কাশিমপুর থানা ও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় অবস্থিত গ্রামীণ ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন লিমিটেড কারখানায় একদল শ্রমিক হঠাৎ করে কাজ বন্ধ করে দেন। এ সময় তাঁরা লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা হাতে নিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।

পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে বেলা ১১টার দিকে কারখানার সিনিয়র অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) শ্রমিকদের সঙ্গে কথা বলতে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা কর্মকর্তাদের ওপর হামলা চালায়। এতে সহকারী মেডিকেল কর্মকর্তা আলিমুজ্জামান এবং সিনিয়র ম্যানেজার (অ্যাডমিন) মো. শহিদুল ইসলামসহ একাধিক কর্মকর্তা গুরুতর আহত হন।

এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে কর্মকর্তাদের মাথায় আঘাত করার চেষ্টা করে। এতে কয়েকজন কর্মকর্তা রক্তাক্ত হন। পরে অভিযুক্তরা তাঁদের কারখানার একটি কক্ষে আটকে রাখেন এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে পুরো কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করে। পরবর্তীতে ঘটনায় জড়িতদের শনাক্ত করে রাতেই বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ জানান, কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google