Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বকেয়া দুই মাসের বেতন একসঙ্গে পরিশোধের দাবিতে ফের চান্দানা চৌরাস্তা-জয়দেবপুর সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা ওই সড়কের তিন সড়ক এলাকায় রাস্তার বিভিন্নস্থানে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করেন।

এতে ওই সড়কের চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি ও শিমুলতলী পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। অবশ্য অনেকে বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে যাচ্ছেন।

শ্রমিকরা জানান, একই মালিকানাধীণ মহানগরীর স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ার্নস বাংলাদেশ লিমিটেড কারখানা দুটিতে অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। দুই মাসের বেতনের দাবিতে তারা মঙ্গলবার দুপুর থেকে ওই সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে সংরক্ষিত আসনের এমপি সামসুন্নাহার ভূইয়া কারখানায় এসে মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে রাত সাড়ে ৭টার দিকে মালিক পক্ষ অক্টোবর মাসের বেতন আগামীকাল বৃহস্পতিবার ও নভেম্বর মাসের বেতন ২৩ ডিসেম্বর প্রদানের ঘোষণা দেন।

রাতে এ ঘোষণা কিছু শ্রমিক মেনে নিলেও অনেক শ্রমিক মেনে নেননি। তারা বৃহস্পতিবারই দুই মাসের বেতন একসঙ্গে পরিশোধের দাবি করে বুধবার সকালে ফের সড়ক অবরোধ করেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শ্রমিকদের প্রতিনিধি ও কারখানার মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google