scout-pic-2

Advertisement

গাজীপুর প্রতিনিধি : প্রাকৃতিক পরিবেশ ঘেরা শাল-গজারী বন বেষ্টিত মনোরম পরিবেশ ও ঐতিহ্যবাহী দশর্নীয় স্থান গাজীপুরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে ১০ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৪র্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী। এক ক্যাম্প শেষ হবে ১৫ অক্টোবর। এ কাব ক্যাম্পুরীতে ঢাকা মেট্রোপলিটনসহ ঢাকা বিভাগের ১৪টি জেলার প্রায় ৩ হাজার ৫০০ জন কাব, কাব লিডার ও কর্মকর্তা অংশগ্রহণ করবে। বৃহস্পতিবার বিভিন্ন জেলা থেকে কাব স্কাউট, কাব স্কাউট লিডার ও কর্মকর্তাগণ ক্যাম্পুরী ময়দানে উপস্থিত হবেন।

শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ৪র্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী মিডিয়া সেন্টারের ইনচার্জ মো. মশিউর রহমান জানান, ক্যাম্পুরী হচ্ছে কাব স্কাউটদের বৃহত্তম মিলনমেলা। এ মিলনমেলায় অংশগ্রহণ করে কাব স্কাউটরা খেলার ছলে শিক্ষা গ্রহণ করে থাকে। বাংলাদেশ স্কাউটস দেশের প্রাথমিক বিদ্যালয়গামী ছয় থেকে এগার বছর বয়সী বালক-বালিকাদের কাব স্কাউটিং এর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সেবার মন্ত্রে দীক্ষা, ন্যায়পরায়নতা, মানবতা এবং মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে সুনাগরিক গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর এ কাব ক্যাম্পুরীর মূল প্রতিপাদ্য ‘আমাদের চেষ্টা, সুন্দর হবে দেশটা’ যা অত্যন্ত সময়োপযোগী। এ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পুরীতে অংশগ্রহণকারী কাব স্কাউটদের জন্য ১০টি কার্যক্রমে নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ পাবে, যা দূরন্ত নামে অভিহিত করা হয়েছে।

scout-pic

‘দূরন্ত’ গুলো হলো কিচির মিচির (প্রতিদিন সকালে শরীর চর্চা), কাবের বাড়ি (তাঁবু কলা ও তাঁবুর যত্ন), অদম্য যাত্রা (রোমঞ্চকর ও আকর্ষণীয় অভিযাত্রা), রাজার দেশে (কাব কার্নিভাল), খেলব ঐতিহ্যে (দেশী ও বিদেশী দলীয় খেলা), মেধার বিকাশ (মৌখিক সংবাদ প্রেরণ ও চিত্রকলা), আমাদের নৈপুন্য (কাগজ/রঙ/পাতা/কাঠ/বাঁশ/পরিত্যক্ত দ্রব্যাদির মাধ্যমে নতুন উদ্ভাবন), উদ্যম (নমুনা প্যাক মিটিং), স্মৃতির পাতায় (সাদা ক্যানভাসে আকেলা তার কাবদের নিয়ে কার্টুন, প্রকৃতি, দেশ ও নকশা ফুটিয়ে তুলবে) ও ক্যাম্প ফায়ার (তাঁবু জলসা)।

এ প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে একজন কাব স্কাউট নিজের অভ্যন্তরে লুকিয়ে থাকা দক্ষতা ও সামর্থ সম্পর্কে ধারণা অর্জন করতে সক্ষম হবে এবং একই সঙ্গে খেলার ছলে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। এগিয়ে যাবে জীবনের বৃহৎ পরিসরে।

আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ মিলনমেলা। মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. শাহ কামাল প্রধান অতিথি হিসেবে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রকল্প) মো. মোহসীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও গাজীপুর জেলা স্কাউটসের সভাপতি এস. এম. তরিকুল ইসলাম সভাপতিত্ব করবেন।

আগামী ১৫ অক্টোবর অংশগ্রহণকারী সকলে নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ত্যাগ করবে।

 

জুমবাংলানিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google