জুমবাংলা ডেস্ক : ঢাকা ও কায়রোর মধ্যে আগামী নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালু হবে। এ বিষয়ে ইজিপ্ট এয়ার এবং এএলও ঢাকা এভিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে সোমবার (২৩ আগস্ট) কায়রোয় বাংলাদেশ দূতবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ আগস্ট কায়রোতে ইজিপ্ট এয়ারের সদর দপ্তরে দুই পক্ষের মধ্যে এই সমঝোতা চুক্তি হয়। ইজিপ্ট এয়ারের ভাইস চেয়ারম্যান ওয়্যাল এলডেমারদাশ এবং এএলও ঢাকা অ্যাভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলী সামি সমঝোতা স্মারকে সই করেন।
জানা গেছে, সপ্তাহে দুদিন কায়রো থেকে ফ্লাইট ঢাকায় আসবে। এছাড়া ঢাকা থেকেও সপ্তাহে দুদিন কায়রোর উদ্দেশে ছেড়ে যাবে উড়োজাহাজ।
প্রতি সোম ও বৃহস্পতিবার কায়রোর স্থানীয় সময় দুপুর দেড়টায় ইজিপ্ট এয়ারের ফ্লাইট মিশর থেকে ছেড়ে এসে পরদিন বাংলাদেশ সময় রাত ১টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
একইভাবে মঙ্গল ও শুক্রবার বাংলাদেশের স্থানীয় সময় রাত ২টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টা ৪০ মিনিটে কায়রো পৌঁছাবে এ ফ্লাইট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮০ আসনের এয়ারবাস ৩৩০-৩০ কিংবা নতুন কোনো উড়োজাহাজের মাধ্যমে এ ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি ফ্লাইটে বিজনেস ক্লাসের আসন থাকবে ২০টি; মোট ৬ টন মালামাল পরিবহন করা যাবে।
ঢাকা থেকে কায়রো যাওয়ার পর ‘প্রতিযোগিমূলক ভাড়ায়’ ইজিপ্ট এয়ারের কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে যাত্রীরা প্যারিস, মিলান, জেনেভা, বার্সেলোনা, এথেন্স, ইস্তাম্বুল, দারেস সালাম, আদ্দিস আবাবা, আবুজা, নাইরোবি, আক্রা, কাম্পালা, কিগালি, খার্তুম, এনজামেনা, জেদ্দা, মদিনা, বাগদাদ, মাস্কাট, দাম্মাম, বাহরাইন, রিয়াদ, দুবাই, আম্মান, বৈরুত, টরন্টো ও নিউইয়র্কের মতো গন্তব্যে যেতে পারবেন।
এর ফলে বাংলাদেশ থেকে ইউরোপ এবং উত্তর আমেরিকায় কম খরচে যাত্রী এবং পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেখানে বলা হয়, মহামারীর মধ্যে ইজিপ্ট এয়ার ৬৫ শতাংশ সক্ষমতা নিয়ে পরিচালিত হলেও বাংলাদেশ ও মিশরের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বাড়ানোর জন্য সরাসরি ফ্লাইট চালু করা হচ্ছে।
আগামী ১ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে ঢাকা-কায়রো-ঢাকা দুটি করে ফ্লাইট চালু করে ভবিষ্যতে তা আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মিশরে বাংলাদেশের দূত মো. মনিরুল ইসলাম, ইজিপ্ট এয়ার হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন এএমআর আবুএলেনেইন এবং ইজিপ্ট এয়ারের চেয়ারম্যান পাইলট এএমআর নাবিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


