আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক স্বীকৃতি অর্জনের পর আগামী ১৭ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। মুক্তিকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে সিনেমাটির বহুল প্রতীক্ষিত ট্রেইলার।

ট্রেইলারের শুরুতেই দর্শককে নিয়ে যাওয়া হয় জলে ভাসমান একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারে। সেখানেই ধীরে ধীরে উন্মোচিত হয় জাহাজের বাবুর্চি মকবুলের নিঃসঙ্গ জীবন, তার দৈনন্দিন অভ্যাস, সম্পর্ক, টিকে থাকার সংগ্রাম এবং অন্তর্গত অনুভূতির গল্প। একই সঙ্গে উঠে আসে বন্দর এলাকার পথশিশু নূরা ও নদীকেন্দ্রিক মানুষের বাস্তব জীবনযাপনের নানা অনুষঙ্গ। সব মিলিয়ে ট্রেইলারটি একটি মানবিক, আবেগঘন ও বাস্তবধর্মী চলচ্চিত্রের আভাস দেয়।
ট্রেইলারজুড়ে বিশেষভাবে নজর কেড়েছে বাস্তব লোকেশনের ব্যবহার, সংযত সংলাপ এবং নদীবন্দরের রুক্ষ অথচ প্রাণবন্ত পরিবেশ। ব্যস্ত নৌপথ, জাহাজ, মাছবাজার ও বন্দরের নিত্যচিত্র সিনেমাটির আবহকে আরো বিশ্বাসযোগ্য করে তুলেছে।
এর আগে প্রকাশিত পোস্টারের মাধ্যমে শুরু হয়েছিল সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার। পরে ফজলুর রহমান বাবুর কণ্ঠে প্রচারণার গান ‘আমায় ভাসাইলিরে…’ দর্শকদের প্রশংসা কুড়ায়। এবার ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে ‘মাস্তুল’ সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ আরো বেড়েছে।
মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে এটি ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করে। এছাড়া রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ সম্মাননা। একই সঙ্গে স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন লাভ করে।
নির্মাতার নিজ শহর নারায়ণগঞ্জ এবং দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দরকে ঘিরে নির্মিত ‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন, সিফাত বন্যা প্রমুখ।
চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফি করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন এবং সংগীত পরিচালনা করেছেন চৈতন্য রাজবংশী। কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন যুবরাজ শামীম। আর প্রচারের গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘মাস্তুল’ প্রযোজনা করেছে সিনেমাকার। ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারে রয়েছে টঙঘর টকিজ। সিনেমাটির ওটিটি পার্টনার আইস্ক্রিন এবং টেলিভিশন পার্টনার চ্যানেল আই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



