Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি স্টিল মিল কারখানায় লোহা পোড়ানোর সময় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে টঙ্গীর মিলগেট এলাকায় এস এস স্টিল মিলস কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতদের মধ্যে ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), দুলাল (২৫) ও ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) এবং রিপন (৩০)। আরেক দগ্ধ শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, শুক্রবার সকাল ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়েছে।

আহত একজনের স্বজন বাঁধন জানান, ভোরে লোহা পোড়ানোর সময় আগুনের স্ফুলিঙ্গ ছিটে তাদের শরীরে লাগে। সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, ঘটনার পরও কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। আহতদের পক্ষে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্তব্যরত দমকল কর্মী মিজানুর রহমান জানান, তাদেরকে এ ঘটনা কেউ অবগত করেনি বা ফোন করে সাহায্যও চায়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google