
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে ন্যাটো বাহিনীর দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটেছে। ইতিমধ্যে সব বিদেশি বাহিনী দেশটি ছেড়ে চলে গেছে। তবে এখনো কিছু ব্রিটিশ নাগরিক ও তাদের আফগান সহযোগিরা রয়ে গেছেন। তাদের ফিরিয়ে নিতে তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে ব্রিটিশ সরকার। খবর প্রকাশ করেছে বিবিসি, দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানান, আফগানিস্তান থেকে বাকিদের নিরাপদে ফিরিয়ে আনতে তালেবানের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা চলছে। সে জন্য বর্তমানে দোহায় আছেন কূটনীতিক সাইমন গাস।
বলা হচ্ছে, আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানের সঙ্গে লন্ডনের এটাই প্রথম কূটনৈতিক যোগাযোগ।
এদিকে, কাবুল থেকে মানুষজনকে সরিয়ে আনার প্রসঙ্গে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মূলত ন্যাটোকে সহায়তা করা আরও অনেক আফগান এখনো দেশটিতে রয়ে গেছেন বলে দাবি উঠেছে। সে জন্যই বরিস জনসনকে দুষছেন সমালোচকরা।
নাম গোপন রাখার শর্তে ব্রিটেনের এক মন্ত্রী বলেন, আফগানিস্তান থেকে আরও ৮০০ থেকে ১ হাজার মানুষকে সরিয়ে আনা সম্ভব ছিল। পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সমালোচনা করেছে দেশটির বিরোধী দল লেবার পার্টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


