Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেছেন, কারাগার একটি সংবেদনশীল ও র্স্পশকাতর প্রতিষ্ঠান হওয়ায় দায়িত্বশীল মনোভাব নিয়ে কর্তব্য পালন করতে হবে। কারাগারে দায়িত্ব পালনকালে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কারাগারের নিরাপত্তা বিধানের পাশাপাশি বন্দিদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অপরাধীদের চরিত্র সংশোধন করে সৎ জীবনযাপনের জন্য সমাজে পুনর্বাসনের লক্ষ্যে ইতোমধ্যেই নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এ ধরনের উদ্যোগকে সফল করতে হলে কারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অস্থায়ী ক্যাম্পাসে নবীন কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কারা মহাপরিদর্শক বলেন, বাংলাদেশে জেলের উন্নতি ও অগ্রযাত্রার বিষয়টি সত্যিই ইতিবাচক ও প্রশংসার দাবিদার। আমি আশা করছি, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সরকারের সাফল্যকে আরও ত্বরান্বিত করবেন। কারা অভ্যন্তরে থেকে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনো রূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে সে বিষয়ে সর্তক থাকবেন। শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম ও দুর্নীতিকে প্রতিরোধ করবেন। কারা অভ্যন্তরে কোনোভাবেই যাতে করা বিধি বহির্ভূত নিষিদ্ধ দ্রব্য বিশেষ করে মাদকদ্রব্য ও মোবাইল প্রবেশ করতে না পারে সে দিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের অর্থ দ্বারা আপনাদের বেতন ভাতাদিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রধান করা হয়। তাই জনসেবাকে প্রাধান্য দিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা পদায়নকৃত কারাগারে গিয়ে জনসেবার ব্রত নিয়ে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে ডিআইজি প্রিজন্স (সদর দফতর) টিপু সুলতান, ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবীর, চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ফজলুল হক, রংপুর বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাফ হোসেন, বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. তৌহিদুল ইসলাম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার রত্মা রায়, কাশিপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার জাহানারা বেগম, কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সুপার মো. সফিকুল ইসলাম, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার হালিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫৭তম কারারক্ষী ব্যাচে সর্ববিষয়ে ১ম স্থান অধিকার করায় যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী নয়ন, ২য় স্থান অধিকার করায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আনোয়ার হোসেন এবং বেস্ট ফায়ারার নির্বাচিত হওয়ায় যশোর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী বায়োজিত হোসেনকে ক্রেস্ট প্রদান করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google