দুর্নীতির অভিযোগে চীন-এর দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে স্থগিত মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। বিষয়টি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর দিয়েছে বিবিসি নিউজ।

সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৭ মে) সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফু-কে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রায়ের ফলে দুই বছর পর তাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হবে। তবে সাজা হ্রাস কিংবা প্যারোলে মুক্তির কোনো সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।
আদালত দুজনকেই ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। একই সঙ্গে তাদের সব ব্যক্তিগত সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
চীনে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। সেই প্রেক্ষাপটেই এ রায় সামনে এলো।
ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ সালের মার্চে তার স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে লি শাংফুর দায়িত্বকাল দীর্ঘ হয়নি; একই বছরের অক্টোবরেই তাকে বরখাস্ত করা হয়।
সূত্র: বিবিসি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


