জুমবাংলা ডেস্ক:  মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা ফিরোজ ফকির। কয়েক দিন আগেও ছিলেন এক প্রকার গৃহহীন। মাথাগোজার ঠাই বলতে তার ছিলো একটি কুঁড়ে ঘর। তবে সেটির অবস্থাও ছিল জরাজীর্ণ। বৃষ্টি হলেই পড়তো পানি। এছাড়া বাড়িতে ছিলো না সুপেয় খাবার পানির ব্যবস্থা। বিষয়টি নজরে আসে স্থানীয় ‘যুব কল্যাণ সমবায়’ নামের একটি সংগঠনের। পরে তাদের উদ্যোগে ফিরোজ ফকিরকে নির্মাণ করে দেওয়া হয় নতুন একটি ঘর। ব্যবস্থা করা হয় তার জন্য একটি টিউবওয়েলেরও

কৃষি শ্রমিক ফিরোজ

Advertisement

এদিকে, নতুন ঘর পেয়ে খুশি ফিরোজ ফকির। এছাড়া একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় স্থানীয়দের প্রশংসায় ভাসছে সংগঠনটির কর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ফিরোজ ফকির কৃষি শ্রমিকের কাজ করে সংসার চালান। স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেকে নিয়ে তার সংসার। অভাব অনটনের সংসার চালাতে তাকে বেগ পেতে হয়।

ফিরোজ ফকির বলেন, ‘সংগঠনের সদস্যরা এক সপ্তাহ আগে আইয়া কথা দিয়া গেছিলো আমারে ঘর আর কল দিবো। তারা কইরা দিয়া গেছে। এহন আর আমার ঘরে বৃষ্টির পানি পরবো না। খাওনের পানি আনতে দূরে যাওন লাগবো না। সবাই যদি এমন কথা দিয়া কথা রাখতো!’

যুব কল্যাণ সমবায় সংগঠনের সদস্য আশিকুজ্জামান মুন্সী বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে রক্তদান, নিরাপদ স্যানিটারি ল্যাট্রিন বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, টিউবওয়েল বিতরণ, ঈদ উপহার প্রদান, মাদক ও বাল্য বিবাহ বিরোধী কর্মসূচিসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছি আমরা। করোনা সংক্রমণের সময়ও আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছি। একটি আদর্শ সমাজ গঠনে আমরা কাজ করছি।

সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ রাকিব উদ্দিন বলেন, ফিরোজ ফকিরকে ঘর দেওয়া আমাদের সামাজিক দায়িত্বের অংশ ছিলো। আমরা এটি বাস্তবায়ন করেছি। আরো কয়েকটি ঘর আমরা পর্যবেক্ষণ করেছি। উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্খীদের সঙ্গে পরামর্শ করে ঘরগুলো নির্মাণ করা হবে।

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বেলাল রিজভী বলেন, অসহয় ফিরোজ ফকিরের ঘর নির্মাণ করে দিয়েছে যুবসমাজ। সংগঠনের সদস্যরা তাদের হাত খরচের টাকা বাঁচিয়ে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে থাকে। এটা একটি প্রশংসনীয় কাজ। আশা করছি তাদের দেখাদেখি অনেকেই সমাজের অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসবেন।

সুনামগঞ্জ হাওরে কৃষকের মুখে রোদের হাসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google