
জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রো রো ফেরি শাহ জালাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ফেরির অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক আশিকুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় শাহজালাল ফেরির মাস্টার আবদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই ফেরিতে থাকা যাত্রীরা জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে মূল পদ্মায় প্রবেশ করার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ফেরিটির পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
কয়েকজন যাত্রী জানান, ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকের হাত, পা ও বুকে আঘাত লেগেছে। কেউ কেউ রক্তাক্ত হন।
ফেরিতে থাকা সিরাজুল ইসলাম বেগ জানান, ধাক্কা লাগার আগে কোনো হুইসেল বা ঘণ্টা বাজানো হয়নি- যাতে যাত্রীরা সতর্ক হতে পারে। আহত যাত্রী আরিফ হোসেন জানান, বিপদ সংকেত দিলে এতো যাত্রী আহত হতো না।
ফেরির ক্যান্টিনের বাবুর্চি ইউসুফ আলী বলেন, ‘আমি মাছ কাটছিলাম। কিছু বুঝে ওঠার আগেই ফেরির লোহার খুঁটিতে ধাক্কা খাই। এতে আমার মাথা ফেটে রক্ত বের হয়।’ তিনি আরও বলেন, ‘ধাক্কায় ফেরির দোতলায় থাকা ক্যান্টিনের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে অন্তত তিনটি ফ্রিজে থাকা জুস, পানীয়জলের বোতল এবং খাবার মেঝেতে পড়ে নষ্ট হয়েছে।’
রো রো ফেরি শাহ পরাণের মাস্টার আবদুর রহিম বলেন, ‘ফেরির ইলেকট্রিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় নদীতে বাতাসের তীব্রতায় প্রচণ্ড স্রোত ছিল। ফলে ফেরিটির পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এ ঘটনায় খুঁটির কিছু না হলেও ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন যাত্রী আহত হয় বলে শুনেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


