নাট্যপরিচালকের বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধে অনিয়ম ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। রবিবার (২৮ জুন) পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এমন অভিযোগ করেন তিনি।

‘ফ্রড অ্যালার্ট’ শিরোনামে দেওয়া পোস্টে পারসা ইভানা বলেন, “আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে ‘ফারহাদ আহমেদ ইশান’ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার অভিজ্ঞতায় যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। গত সাত মাস ধরে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি, অথচ শুধু আমি নই—টিমের আরো অনেক সদস্য এখনো তাদের পাওনা বুঝে পাননি। আমাকে উনি টাকা দিয়েছে, তবে কিছু টাকা এখনো পরিশোধ করতে পারেননি। সেটা আমি বাদ দিয়েছি কিন্তু আমার টিমের কেউ টাকা পায়নি, যেটা আর্টিস্ট হিসেবে আমারও দায়িত্ব।”
প্রোডাকশন টিমের সদস্যরা পারিশ্রমিকের অর্থ পাবে কি না, সেই প্রশ্ন ছুড়ে দিয়ে পারসা ইভানা বলেন, “আমার নিজের টাকা না পেলেও হয়তো মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কথা? যে ছেলেটা নতুন করে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছে, একটা ভালো সুযোগের আশায় কঠোর পরিশ্রম করছে, তার প্রাপ্যটুকু কি সে পাবে না? আরো অনেক মানুষের পাওনা নিয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও প্রশ্নের বিষয়।”
ইন্ডাস্ট্রির সকলের দৃষ্টি আকর্ষণ করে পারসা ইভানা বলেন, “আমি চাই, আমাদের ইন্ডাস্ট্রির সবাই বিষয়টি দেখুক এবং সচেতন হোক। কোনো কাজ শুরুর আগে যথাযথ খোঁজখবর নিন, সব চুক্তি ও আর্থিক বিষয় লিখিতভাবে নিশ্চিত করুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।”
পরিচ্ছন্ন একটি ইন্ডাস্ট্রির প্রত্যাশা ব্যক্ত করে পারসা ইভানো বলেন, “আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অসততা ও প্রতিশ্রুতি ভঙ্গের কোনো স্থান সেখানে থাকা উচিত নয়।”
পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পারসা ইভানা। একটিতে দেখা যায়, গত বছরের ডিসেম্বরেও পরিচালকের কাছে পারিশ্রমিক চান পারসা ইভানা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গত জানুয়ারি মাসে পরিচালকের কাছে টাকা চাইলে, নানা সংকটের কথা পারসা ইভানাকে জানান এবং পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দেন। গত মে মাসেও পারিশ্রমিক চান পারসা ইভানা। তখন মা-বাবার অসুস্থতার কথা জানান। পরে গিল্ডে অভিযোগের প্রসঙ্গ তুললে এক সপ্তাহের সময় নেন এই পরিচালক। সর্বশেষ এখনো টাকা পাননি বলে জানিয়েছেন পারসা ইভানা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



